২০ বছর পর আবার পুয়ের্তো রিকোর ঘরে মিস ইউনিভার্সের মুকুট, বিজয়ী জেনিফার বারেটো

0
২০ বছর পর আবার পুয়ের্তো রিকোর ঘরে মিস ইউনিভার্সের মুকুট, বিজয়ী জেনিফার বারেটো

বিনোদন ডেস্কঃ বিশ্ব সুন্দরীর মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেটো। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক বা ২০ বছর পর আবারও বিশ্বসেরা সুন্দরীর খেতাব ফিরে পেল ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটি।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে জেনিফার বারেটোর নাম ঘোষণা করা হয়। চূড়ান্ত পর্বে তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ।

এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। নানা ধাপ পেরিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফলে জেনিফার বারেটো সেরা নির্বাচিত হন। শীর্ষ পাঁচে বারেটোর সঙ্গে জায়গা করে নেন ডমিনিকান প্রজাতন্ত্র, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা।

জেনিফার বারেটোর এই সাফল্যের হাত ধরে মিস ইউনিভার্সের ইতিহাসে পুয়ের্তো রিকোর শিরোপা জয়ের সংখ্যা দাঁড়াল ছয়ে। এর আগে দেশটির হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলেন ১৯৭০: মারিসোল মালারেট, ১৯৮৫: ডেবোরা কার্থি-ডেউ, ১৯৯৩: দায়ানারা টরেস, ২০০১: ডেনিস কুইনোনেস, ২০০৬: জুলেকা রিভেরা

২০০৬ সালে জুলেকা রিভেরার জয়ের পর দীর্ঘ ২০ বছর আর কোনো পুয়ের্তো রিকান সুন্দরী এই খেতাব ছুঁতে পারেননি। নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত আসরে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন জেনিফার বারেটো।

২৭ বছর বয়সী জেনিফার বারেটো চলতি বছরের জুনে ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’ খেতাব জিতে মূল আসরে অংশ নেওয়ার টিকিট পান। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনা করা বারেটো পেশায় একজন প্রতিরোধ বিশেষজ্ঞ (প্রিভেনশন স্পেশালিস্ট)।

২০২১ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ক্যাভাজোসে মার্কিন সেনাবাহিনীর বেসামরিক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্রে তিনি সামরিক পরিবারের সদস্যদের সহায়তা, পারিবারিক সহিংসতা এবং শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করেন।

এক কন্যাসন্তানের মা জেনিফার বারেটো প্রতিযোগিতাজুড়ে মাতৃত্বের পাশাপাশি নারীদের উচ্চাকাঙ্ক্ষা, আত্মনির্ভরশীলতা ও পেশাগত সাফল্যের বার্তা তুলে ধরেছেন। বিশ্বমঞ্চে বিজয়ী হওয়ার পর মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা জানিয়েছেন তিনি।