রাশিয়ার গোপন নথি ফাঁস: ইউক্রেন যুদ্ধে নিহত অন্তত ৪ লাখ ৯০ হাজার রুশ সেনা, প্রতি ৫ মিনিটে ঝরেছে এক প্রাণ

0
রাশিয়ার গোপন নথি ফাঁস: ইউক্রেন যুদ্ধে নিহত অন্তত ৪ লাখ ৯০ হাজার রুশ সেনা, প্রতি ৫ মিনিটে ঝরেছে এক প্রাণ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্যভান্ডার হ্যাকড হওয়ার পর এই ভয়াবহ প্রাণহানির চিত্র সামনে আসে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত সরকারি মৃত্যুসনদের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে।

ইউরোনিউজ, দ্য গার্ডিয়ান এবং স্বাধীন রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর রাতে বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামে দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে এক কোটিরও বেশি মৃত্যুসনদের বিশাল তথ্যভান্ডার সংগ্রহ করে। পরে একাধিক আন্তর্জাতিক ও স্বাধীন সংবাদমাধ্যম ফাঁস হওয়া এসব তথ্য যাচাই ও বিশ্লেষণ করে প্রকাশ করে।

সরকারি মৃত্যুসনদের ভিত্তিতে ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেলেও, এই তালিকায় যুদ্ধক্ষেত্রে নিখোঁজ (মিসিং ইন অ্যাকশন) সেনা এবং যাদের মৃত্যু এখনো নথিবদ্ধ হয়নি, তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফাঁস হওয়া নথি ও উত্তরাধিকার সংক্রান্ত রেকর্ড বিশ্লেষণ করে স্বাধীন রুশ সংবাদমাধ্যম মেদুজা জানিয়েছে, নিখোঁজ সেনাদের হিসাব ধরলে যুদ্ধে রাশিয়ার অপূরণীয় ক্ষতির সংখ্যা অন্তত ৭ লাখ ২০ হাজার।

স্বাধীন সংবাদমাধ্যম ইনসাইডার এখন পর্যন্ত নিহত ৩ লাখ ৭০ হাজারের বেশি রুশ সেনার নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

গত অক্টোবরের শেষে প্রকাশিত সাময়িকী দ্য ইকোনমিস্টের এক গবেষণায় নিহত রুশ সেনার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার থেকে ৭ লাখ ৭০ হাজারের মধ্যে হতে পারে বলে অনুমান করা হয়। আর আহতসহ মোট সামরিক ক্ষয়ক্ষতির সংখ্যা ১৪ লাখ থেকে ২১ লাখ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট সামরিক ক্ষয়ক্ষতি (নিহত ও আহত মিলিয়ে) ১৬ লাখ ৩৯ হাজার ৬৪১ জন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিহতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ধরলে যুদ্ধের শুরু থেকে প্রতিদিন গড়ে ২৮০ থেকে ৩০০ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন। অর্থাৎ, প্রতি পাঁচ মিনিটে একজন করে রুশ সেনার মৃত্যু হয়েছে।

নিহতদের মৃত্যুর ধরন বিশ্লেষণ করে দেখা গেছে ৯২ শতাংশ সেনার মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণ ও কামানের গোলার আঘাতে। ১ দশমিক ৩ শতাংশ সেনা নিহত হয়েছেন সরাসরি আগ্নেয়াস্ত্রের গুলিতে।

এ ছাড়া সামরিক বিশ্লেষকদের তথ্যানুযায়ী, ২০২৫ সালের বসন্তে রুশ বাহিনীর প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এবং যুদ্ধের দীর্ঘসূত্রতায় রুশ সেনাদের গড় বয়স ৩৫ দশমিক ৫ বছর থেকে বেড়ে ৪১ বছরে দাঁড়িয়েছে।

ফাঁস হওয়া নথিতে যুদ্ধের ময়দানের বাইরেও রুশ সেনাদের মৃত্যুর উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, মদ্যপান, মাদক গ্রহণ এবং আত্মহত্যার কারণে প্রায় আড়াই হাজার সেনার মৃত্যু হয়েছে।

বিশেষ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন। এ ছাড়া ইউক্রেন বা সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে আরও ৮৮৫ জন সেনার মৃত্যু আগ্নেয়াস্ত্রজনিত ‘অনিশ্চিত উদ্দেশ্যে’ আঘাতের কারণে হয়েছে বলে নথিবদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, কমান্ডারদের কঠোর চাপ, শারীরিক নির্যাতন, মানসিক অবসাদ এবং যুদ্ধ থেকে ফেরার পথ বন্ধ থাকায় বহু সেনা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, যা নথিতে ভিন্ন কারণ দেখিয়ে চাপা দেওয়া হয়েছে।

রাশিয়ার জনসংখ্যার অনুপাতে সেনা নিহতের হার রাজধানী মস্কোর তুলনায় দেশটির দূরপ্রাচ্য ও সাইবেরিয়ার দরিদ্র এবং জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে বহুগুণ বেশি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ভয়াবহতা ও দৃশ্যমান প্রভাব রাজধানী মস্কোতে কম রেখে সাধারণ নাগরিকদের ক্ষোভ এড়াতেই রুশ কর্তৃপক্ষ দূরবর্তী অঞ্চলগুলো থেকে অধিক হারে সেনা নিয়োগ ও যুদ্ধক্ষেত্রে পাঠানোর কৌশল নিয়েছে। উল্লেখ্য, রাশিয়া বরাবরই যুদ্ধে নিজেদের সেনা নিহতের প্রকৃত তথ্য গোপন রেখে আসছে এবং স্বাধীনভাবে হতাহতের হিসাব প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে।