সিলেট প্রতিনিধিঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিকের বাসভবন লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন তাঁর বাড়িতে এই নাশকতামূলক হামলার ঘটনা ঘটে। বোমার আঘাতে বাড়ির একটি অংশের টিনের চালে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টার মধ্যে মোটরসাইকেল বা কোনো যানবাহনে আসা দুর্বৃত্তরা বাড়ির সীমানাপ্রাচীরের বাইরে থেকে ভেতরে লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। বোমা নিক্ষেপের পরপরই তারা দ্রুত মহাসড়ক ধরে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার সময় বাসভবনের ভেতরে সংসদ সদস্য এম এ মালিক এবং তাঁর স্ত্রী অবস্থান করছিলেন। পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে বাড়ির টিনের চালে আগুন ধরে গেলে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা দ্রুত ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপক যন্ত্র) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টার মধ্যে সীমানাপ্রাচীরের বাইরে থেকে বাড়ির ভেতরে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা সম্পর্কে তিনি আরও বলেন, ‘ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং থানা-পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে। হামলাকারীদের গতিবিধি শনাক্ত করতে বাড়ির নিজস্ব ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি পুরো নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল টহল বাড়ানো হয়েছে।’ এ ছাড়া যেকোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর ঠিক এক সপ্তাহ আগে গত শুক্রবার সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকেও দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় দুই প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির বাসভবনে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো নগরীর সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

