সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন—সাপাহার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ী ও শিরন্টির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলায় মোট ৮ হাজার ৫০০ বিঘা জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি সরিষা চাষের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে।
কৃষি বিভাগের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে সরিষা চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভোজ্যতেলের দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান (সেলিম)। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

