ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় বাড়ির পাশে জাকির হোসেন (৪৮) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তুপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আব্দুল হাকিম এর ছেলে। নিহতের বড় ভাই বাচ্চু মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে জাকির চতুর্থ। সারা দিন নসিমন চালানোর পর প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় রাতের খাবার শেষে বাড়ির পাশের চা দোকানে যায়। তারপর থেকে আর কোন খোজ মিলেনি তার। শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবার পাশে হাত-পা বাঁধা ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে চান্দিনা থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় মেয়ে নাঈমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

