বাংলাদেশ প্রতিবেদক: চিকিৎসক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত সচিব জাকির হোসেন আদালত থেকে জামিন পেয়েছেন। গ্রেপ্তারের পরদিন রোববার সেই স্ত্রীর জিম্মাতেই ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহিনুর ইসলাম এক হাজার টাকা বন্ডে জাকিরের জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই মো. শরিফ গণমাধ্যমকে বলেন, “অতিরিক্ত সচিব জাকির হোসেনের স্ত্রী আদালতে উপস্থিত হয়ে বলেন, ‘আমাদের মধ্যে আপস-মীমাংসা হয়েছে, আবার সংসার করব’।”
জামিনে আপত্তি নেই বলে ওই নারী আদালতে বললে তার জিম্মায় আদালত জামিন মঞ্জুর করে বলে জানান এসআই শরিফ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিরকে শনিবার গ্রেপ্তার করেছিল পুলিশ। তার স্ত্রী ডা. ফাতেমা জাহান রাতে জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চেয়েছিলেন।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই রাজধানীর বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার ও তার স্ত্রী ফাতেমাও উদ্ধার করে পুলিশ।
পরে ওই নারী তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

