সদরুল আইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে আটক করেছে র্যাব। তার কাছ থেকে ভুক্তভোগী ছাত্রীর ফোনসহ মালামালও উদ্ধার করা হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, ছাত্রীর দেওয়া বর্ণনার সঙ্গে আটক ব্যক্তির মিল রয়েছে। ঘটনার সময় আটক ব্যক্তির অবস্থান আর তার দেওয়া তথ্যে বেশ কিছু গরমিল পাওয়া যায়। সে স্বীকার না করলেও তথ্য উপাত্তে প্রায় নিশ্চিত যে, ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
র্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে টঙ্গী থেকে তাকে আটক করা হয়েছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তদন্ত করা হচ্ছে। দুপুরের পর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।

