এম এ মুছা: সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি ও হয়রানির অভিযোগে উঠেছে। তার বিরুদ্ধে মোতালেব হোসেন নামের এক গ্রাহক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেঁয়াশিয়া ইউনিয়ন সহকারী ভূমি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে সীমাহীন দূর্নীতি ও হয়রানি করার অভিযোগ তুলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, একই উপজেলার চরবেল গ্রামের শুকুর আলীর ছেলে মোতালেব হোসেন।
মোতালেব হোসেন জানান, বেলকুচি উপজেলাধীন ১০১নং ধুলগাগড়াখালী মৌজায় আমার পিতার নামীয় ফসলি ৩৩ শতাংশ বাড়ি আমার নামে হস্তান্তর করার জন্য দলিল সম্পাদন করা হয়। দলিল সম্পাদন করার আগে গত ৩ ডিসেম্বর ২০১৯ ইং সালে তেঁয়াশিয়া ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজা নানা প্রকার তালবাহানা করিয়া ভূমি উন্নয়ন কর গ্রহন করতে অসম্মতি জ্ঞাপন ও সময় ক্ষেপন করিতে থাকে। আমি তাকে নানা ভাবে আকুতি মিনতি করিলে সে আমার কাছে বলেন ৩ হাজার টাকা দিলে দাখিলা দেওয়া হবে। যেহেতু আমার দাখিলা প্রয়োজন তাই আমি বাধ্য হয়ে ২ হাজার দিয়ে দাখিলা নিয়ে আমার নামে দলিল খানা রেজিষ্টি করি।
পরবর্তীতে আমার নামীয় দলিল নামজারী করার জন্য অনলাইনে আবেদন করি। নামজারী আবেদন তদন্তের জন্য পাঠানো হলে সেলিম রেজা আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তদন্ত রিপোর্টের জন্য ১০ হাজার টাকা দাবী করে আর এই টাকা তাকে না দিলে আমার খারিজ বাতিল করে দেবে বলে হুমকি দেয়। আমি সেলিম রেজা শুধু আমাকে হয়রানি করে না। তার কাছে গিয়ে আমার মত আরও অনেকেই হয়রানির শিকার হচ্ছে। তার অসহনীয় দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে তেঁয়াশিয়া ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, আমি মোতালেব হোসেনের কাছ থেকে কোন বারতি টাকা নেইনি। আর তার সাথে টাকা পয়সার ব্যাপারে আমার কোন কথা হয়নি। তাকে ফোন দেয়া হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, আমি লিখিত আকারে তেঁয়াশিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি ও হয়রানির লিখিত অভিযোগে পেয়েছি। এটা তদন্তের মাধ্যমে আনীত অভিযোগ প্রমানিত হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

