টাঙ্গাইলে হাত-পায়ের শিকল খুলেই বাবাকে হত্যা

0
টাঙ্গাইলে হাত-পায়ের শিকল খুলেই বাবাকে হত্যা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতার খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মাদকাসক্ত ছেলে হাসু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, হাসু মিয়া দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো। পরিবারের পক্ষ থেকে বার বার চেষ্টা করেও মাদক সেবন বন্ধ করতে পারেনি হাসু। ফলে বাধ্য হয়ে গত তিন বছর ধরে হাসু মিয়াকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখে তার বাবা সমেস উদ্দিন। শনিবার রাতে কৌশলে হাসু তার হাত ও পায়ের শিকলের বাঁধন খুলে ফেলে ঘরে প্রবেশ করে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা সমেসকে। এ ঘটনার পরে এলাকাবাসি হাসুকে আটক করে পুলিশে খবর দিলে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কোদাল, একটি বাঁশের লাঠি ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।