সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানী ঈদ সামনে ১৪টি ইউনিয়নের মোট ৩১ হাজার ৬শ ৫০ জন বিনামুল্যে ভিজিএফ এর চাউল পাবেন। প্রতি জনকে ১৫ কেজি করে চাউল দেওয়া হবে। এর জন্য চাউল বরাদ্দের পরিমাণ ৪শ ৭৪ দশমিক ৭৫০ মেট্রিক টন। আগামী শনিবার সদর উল্লাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। উল্লাপাড়া ইউএনও অফিস সুত্রে, আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে অতিদরিদ্র,দুঃস্থ পরিবারগুলোর মাঝে খাদ্য শস্য সহায়তায় বিনামুল্যের এ চাউল বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নির্ধারিত তারিখে তালিকাভুক্তদের মাঝে চাউল বিতরণ করা হবে। উপজেলার মোট ১৪টি ইউনিয়নের মধ্যে দুর্গানগর ইউনিয়নে সবচেয়ে বেশি সংখ্যক ৩৩শ জন এ চাউল পাবেন। এ ছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়নে ২ হাজার, বাঙ্গালায় ২ হাজার, উধুনিয়ায় ১৮শ ৭৪, বড়পাঙ্গাসীর ১৮শ ৫৮, মোহনপুরে ২৩শ, পূর্ণিমাগাতী ২২শ, সলঙ্গার ২৩শ ৪২, হাটিকুমরুলের ৩১শ ৪০, বড়হরে ২৫শ, সদর উল্লাপাড়া ১৫শ ৩৬, পঞ্চক্রোশীর ২৭শ, সলপের ২৬শ ও কয়ড়া ইউনিয়নের ১৩শ জনের মাঝে এ চাউল বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, নির্ধারিত তারিখ মোতাবেক ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারের উপস্থিতিতে তালিকাভুক্তদের মাঝে নির্ধারিত ১৫ কেজি হারে চাউল বিতরণ করা হবে। এসময় সংশ্লিষ্ট ইউপি’র সদস্যগণ উপস্থিত থাকবেন। উপজেলা প্রশাসন থেকে বিতরণ কার্যক্রম মনিটরিং করা হবে।

