আহসান হাবিবুল আলম: নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. হালিম (২১), মো. সুমন (১৯), মো. আরিফ (২৪), মো. জুয়েল (১৯) ও জাহেদুল ইসলাম (১৮)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছিনতাইয়ের দৃশ্য দেখে জড়িত ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সদস্যরা মূলত টাইগারপাস ও দেওয়ানহাট এলাকায় রেললাইনের আশপাশে জড়ো হয়ে থাকে। সন্ধ্যার পর রেললাইন পার হয়ে তারা দেওয়ানহাট, টাইগারপাস, আগ্রাবাদ মোড়, জিইসি, নিউমার্কেটসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নেয়। এসব মোড়ে ধীরগতিতে চলন্ত বাস কিংবা অন্যান্য গণপরিবহনের জানালা দিয়ে যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সাধারণত দুইজন মিলে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে।

