এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নিয়ে অফিস কক্ষে বিবদমান দুই পক্ষই তালা ঝুলিয়েছে। স্কুল পরিচালনা কমিটির নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন বরাবরের ন্যায় অফিস কক্ষে তালা দেওয়ার পর বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সোমবার সকালে প্রতিপক্ষ বহিস্কৃত প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনও একই কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় প্রতিপক্ষরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের একটি কক্ষের আসবাবপত্র তছনছ ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সহকারীদের লাঞ্ছিত করার অভিযোগ করেন। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের গন্ডগোলের আশঙ্কা করছেন এলাকাবাসি। জানা গেছে,আক্কেলপুর সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত শ্রী কর্ণদীঘি উচ্চ বিদ্যালয়। ১৪ জন শিক্ষকের এ স্কুলটিতে বর্তামানে শিক্ষার্থী সংখ্যা ২৭০ জন। স্কুল প্রতিষ্ঠার পর থেকে প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন মোসাদ্দেক হোসেন। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে তহবিল তছরুপ সহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় গত ১২ জানুয়ারী স্কুল পরিচালনা কমিটি তাঁকে সাময়িক বহিস্কার করেন। এরপর যথানিয়মে স্কুল চললেও রাজশাহী শিক্ষা বোর্ড পরবর্তীতে প্রধান শিক্ষককে স্বপদে বহাল রাখার নির্দেশনা দেয়। পরে বোর্ডের ওই আদেশের বিরুদ্ধে স্কুল পরিচালনা কমিটি উচ্চ আদালতে রীট করলে আদালত বোর্ডের ওই আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। এরপর গত ১৬ ডিসেম্বর সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবস পালনকালে একদল সন্ত্রাসী নিয়ে স্কুলে হামলা করে বহিস্কৃত প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন। তিনি নিজেকে স্কুলের প্রধানশিক্ষক দাবি করে বিজয় দিবসের চলমান অনুষ্ঠান বন্ধ করে দেন এবং স্কুলের আসবাবপত্র তছনছ করে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন সহ কয়েকজন সহাকারী শিক্ষক লাঞ্ছিত হন। পরে তারা তালাবদ্ধ স্কুল ভবনের অফিস কক্ষে নিজেদের দখলি স্বত্ব বজায় রাখতে নতুন করে তালা মেরে চলে যায়। সাময়িক বহিস্কৃত প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন,‘রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল পরিচালনা কমিটি বিলুপ্ত করে আমাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে আমি স্কুলে গেছি বিজয় দিবস পালন করার জন্য। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তার লোকজন আমাকে বিজয় দিবস পালন করতে দেননি। তাই বাধ্য হয়ে স্কুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে আমি চলে এসেছি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাজেদুল ইসলাম বলেন,‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ স্কুল পরিচালনায় নানা অনিয়ম প্রমাণিত হওয়ার পর তাকে বিধিসম্মতভাবে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বোর্ড তাকে স্বপদে বহাল করার বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করা হয়েছে। আদালত বোর্ডের ওই আদেশ ৬ মাস স্থগিত করেছেন। কিন্তু প্রধান শিক্ষক আদালতের আদেশকে তোয়াক্কা না করে গায়ের জোরে সন্ত্রাসীদের নিয়ে স্কুল দখল করতে আসে। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বলেন,‘স্কুলের বিরোধ নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উভয় পক্ষকে আগামী ২৪ ডিসেম্বর আসার জন্য নোটিশ পাঠানো হয়েছে। কাগজপত্র দেখে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’।

