সাজ্জাদ হৃদয়: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে হেলিকপ্টারে চড়ে ফসলি জমিতে নেমেছেন কাটখাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম। এর ফলে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের একটি ফসলি জমিতে ওপর হেলিকপ্টার যোগে তিনি নামেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি লাইভ ভিডিওতে দেখা গিয়েছে তাজুলকে বহনকারী হেলিকপ্টার জমিতে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই তার সমর্থকরা নানা স্লোগান দিয়ে তাকে বরণ করতে জমিতে জড়ো হতে থাকেন। সেইসঙ্গে উৎসুক মানুষও হেলিকপ্টার দেখতে সেখানে হাজির হন। এ সময় জমির ফসল রক্ষায় কয়েকজনকে এদিক ওদিক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা গিয়েছে তাজুল সেখান থেকে যাওয়ার পর এক যুবক নিজেকে জমির মালিক দাবি করে ফসলের ক্ষতির অভিযোগ তুলেন এবং ক্ষতিপূরণও দাবি করেন। জানা গিয়েছে অভিযোগকারী ওই যুবকের নাম ছাইদুল ইসলাম।
ফসলের ক্ষতির বিষয়ে ওই যুবকের পিতা আবদুল মালেক বলেন, এ ঘটনায় মানুষের ভিড়ে আমার জমির ক্ষতি হয়েছে ঠিকই। কিন্তু এইক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ফসলি জমির ক্ষতি হওয়ার পরে চেয়ারম্যান তাজুল ইসলাম নিজে আমার বাড়িতে এসেছেন এবং দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। আমার আর ক্ষতিপূরণের প্রয়োজন নাই। তিনি আমার বাড়িতে এসে দুঃখ প্রকাশ করেছেন এতেই আমি খুশি।
এ বিষয়ে কাটখাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাজুল বলেন, আমার ফুফু, ফুফা আর ফুফাতো বোন অনেকদিন পর আমেরিকা থেকে দেশে এসেছে। আমি তাদেরকে স্বাগত জানাতে ঢাকা গিয়েছিলাম। সেখান থেকে আমি তাদের সঙ্গে হেলিকপ্টারে এসেছি। গ্রামের মধ্যে হেলিকপ্টার এসেছে শুনে ইউনিয়নের অনেকেই দেখতে এসেছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছি জনগণের সেবা করার জন্য। নির্বাচনের সময় আমার কর্মীরা টুকটাক স্লোগান তো দিবেই। তবে এটি সম্পূর্ণ আমাদের পারিবারিক বিষয় এখানে নির্বাচনি প্রচারের কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আর এটা যেহেতু গ্রামাঞ্চল তাই হেলিকপ্টার আসলে গ্রামের লোকজন তো খানিকটা ভিড় করবেই।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, কাটখাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টারে আসার ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে মিঠামইন উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশ দিয়েছি।

