মুলাদীতে মামা বাড়ি বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে মামা বাড়ি বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে ওসমান নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের সেলিম চৌকিদারের বাড়িতে এই ঘটনা ঘটে। ওসমান নাজিরপুর গ্রামের জামিল মৃধার ছেলে। সে বুধবার তার মায়ের সাথে মামা বাড়ি বেড়াতে এসেছিলো। বৃহস্পতিবার দুপুরে খেলার সময় ঘর থেকে বাহিরে নেওয়া বিদ্যুতের ছিদ্রযুক্ত তারে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওসমানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। অপর দিকে, বেলা ১টার দিকে পৌর সদরের তেরচর গ্রামের রেজাউল শরীফের মেয়ে ময়না (১৬) ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাইউম বলেন, শিশুর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পিতা-মাতার অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।