পীরগাছায় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যার অভিযোগ

0

ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় প্রবাস ফেরত স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্ডিপুর (কোর্টপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদশীরা জানায়, উপজেলার ওই গ্রামের মাজেদ আলীর ছেলে পীরগাছা বাজারের কাঁচামাল ব্যবসায়ি জাহাঙ্গীর আলমের স্ত্রী জোবেদা বেগম (৪০) পাঁচ বছর আগে জর্ডানে পাড়ি দেন। তাতে স্বামী জাহাঙ্গীর আলমের সম্মতি ছিল না। তিন মাস আগে তার স্ত্রী দেশে ফিরে আসেন। সম্প্রতি তার স্ত্রী জোবেদা বেগম মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য টাকা জমা দেন এবং বর্তমান মাসে ২৫ তারিখে তার ফ্লাইট ছিল। তাতেও স্বামীর কোন সম্মতি ছিল না।

রাগে ক্ষোভে বুধবার রাত ১২টার দিকে তার স্বামী জাহাঙ্গীর আলম টিউবওয়েলের হাতল দিয়ে ঘুমন্ত অবস্থায় আঘাত করে। এতে স্ত্রীর মাথা থেতলে গেলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান। রাত দেড়টার দিকে তার স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ।
এ বিষয়ে পীরগাছা থানা এস আই আনিছুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।