বিমল কুন্ডুঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলাম শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এমপি পদপ্রার্থী চয়ন ইসলামের পৌর এলাকার শক্তিপুরস্থ তাঁর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু।
সভার শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী চয়ন ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন সম্বলিত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সহসভাপতি আবুল কাসেম, লাইফ হাসান চৌধুরী, মুমীদুজ্জামান জাহান, আবদুল কুদ্দুস, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, কোরবান আলি লাভলু, মির্জা হুমায়ুন, এম এ হান্নান, আমিনুল ইসলাম প্রমুখ।
চয়ন ইসলাম তার বক্তব্যের শুরুতে আসন্ন নির্বাচনে তাঁকে সিরাজগঞ্জ – ৬ আসনে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। চয়ন ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সংসদীয় এলাকার পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নের ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে পথসভা, মতবিনিময় সভা, আলোচনা সভা, উঠান বৈঠক ও নির্বাচনী জনসভার মাধ্যমে প্রচার -প্রচারনা চালাচ্ছি।
নৌকা মার্কার জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে চয়ন ইসলাম বলেন, সকলের দোয়া ও আশীর্বাদে তিনি যদি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে শাহজাদপুর উপজেলাকে তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি তিনি শাহজাদপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দূনীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভার সভাপতি বিমল কুন্ডু প্রেস ক্লাবের পক্ষ থেকে চয়ন ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁর শুভ কামনা করেন। সভায় প্রেস ক্লাবের প্রায় অর্ধশত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

