ঝলমলে রোদে হাসছে রংপুর

0
ঝলমলে রোদে হাসছে রংপুর

জয়নাল আবেদীনঃ টানা ১০দিন পর ঝলমলে রোদে হাসছে রংপুর । অথচ বৃহস্পতিবার সকালে রংপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগের দিন বুধবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘনকুয়াশা না থাকলেও ঠান্ডা বেশি অনুভূত হয়। এরপর তাপমাত্রা পরিমাপ দেখে চক্ষু চরকগাছ। কেননা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিসের তথ্যে জানানো হয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে সকাল থেকে সূর্যের দেখা মেলে রংপুরের আকাশে। এরপর সূর্যের বিস্তৃত আলোয় আলোকিত আকাশের বুকে যেন ঝলমলে রোদে হাসছে রংপুর।

টানা ১০ দিন পর ঝলমলে রোদ ওঠায় রংপুরের মানুষের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে বেড়েছে নারীদের ব্যস্ততা। সকাল থেকে রংপুরে রোদ ওঠায় প্রতিটি বাড়িতে কাপড় ধোয়ার যেমন ধুম পরেছে তেমনি শিশু ও বয়স্কদের গোসল করারও হিড়িক পরেছে। বাড়ির ছাদে কাপড় শুকানোর ব্যস্ততা দেখা গেছে প্রায় বাড়িতে।

এ বিষয়ে ছড়াকার রেজাউল করিম জীবনের সাথে কথা হলে তিনি জানান, টানা কয়েকদিন থেকে সূর্যের দেখা নেই রংপুরে। তবে আজকে সূর্য যেমন উঠেছে তেমনি রোদ উঠছে। অনেকে বিশেষ করে শিশু ও বয়স্করা প্রচন্ড শীতের কারণে গোসল করতে পারেনি। তবে আজকে গোসল করছে অনেকেই। সেই সঙ্গে বাড়ির কাপড় ধোয়া ও শুকানোর কাজটিও বেড়েছে।

এমন কথাই জানালেন সেলিনা আহমেদ। তিনি এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাড়ির কাপড় ধোয়াতে।এদিকে, আবহাওয়া অনুকূলে থাকায় উজ্জ্বল ঝলমলে রোদে কৃষকের মুখেও স্বস্থির হাসি ফুটে ওঠেছে। ঘনকুয়াশার কারণে বোরো ধান রোপণ করা বিলম্ব হচ্ছে অন্যদিকে বীজতলা নিয়ে শঙ্কা ছিল কৃষকের। সূর্যের দেখা মেলায় সেই শঙ্কা আপাতত কাটছে তাদের। অন্যদিকে, আলু চাষিদের মধ্যে ঘনকুয়াশার কারণে লেট ব্রাইট রোগের যে শঙ্কা দেখা দিয়েছে, সেই শঙ্কাও কাটছে বলে জানান রফিকুল ইসলাম।

রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, সকাল থেকে সূর্যের দেখা মিললেও আকাশে মেঘের উপস্থিতি রয়েছে। যা শুক্রবার পর্যন্ত কুয়াশার মাঝেও সূর্যের দেখা পাওয়া যাবে। তবে জানুয়ারির শেষ পর্যন্ত আবারো জনজীবন ভোগাবে হিমেল হাওয়া ও ঘনকুয়াশা। ভোররাতে তাপমাত্রা কমে গেলেও দিনে তাপমাত্রা বাড়বে ।