শাহজাদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য চয়ন ইসলামকে গন সংবর্ধনা

0
শাহজাদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য চয়ন ইসলামকে গন সংবর্ধনা

বিমল কুন্ডুঃ সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত এমপি চয়ন ইসলামকে গন সংবর্ধনা দেয়া হয়েছে।

হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে ২০ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার তালগাছি করতোয়া কলেজ মাঠে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ গন সংবর্ধনার সভার আয়োজন করা হয়।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আক্তার। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির টিপু। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাইফুল ইসলাম, সহ -সভাপতি বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সদস্য ডাঃ শাহ আলম, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আসাদুল্লাহ তুষার প্রমুখ। সভার শুরুতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আক্তার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন, গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম নবনির্বাচিত এমপি চয়ন ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করেন। পরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এমপি চয়ন ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।

নবনির্বাচিত এমপি চয়ন ইসলাম তাকে এ আসনে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। গন সংবর্ধনার বিশাল আয়োজনের প্রশংসা করে তিনি তার জন্মস্থান গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জনগন নৌকার প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমাদের প্রানপ্রিয় নেত্রী, গনতন্ত্রের মানসকন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করে সরকার গঠন করেছেন।

এমপি চয়ন ইসলাম শাহজাদপুরকে দূর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দেন এবং উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে গন সংবর্ধনা উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ।