বাংলাদেশ প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হন আরও অনেকে।
রোববার দুপুর একটার দিকে মাধবদী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মাধবদী মৎস্যজীবী লীগের সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন (৪০), মাধবদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৩৮), নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), মহিষাশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (৪০), কামাল হোসেন (৩৫), মো. সোহেল মিয়া (৩৮)।
আহতদের মধ্যে সুমন মিয়া (৩৫), সোহেব (৪১), আল আমিনকে (২৫) নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীরকে (৩০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হন। পরে আন্দোলনকারীরা ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালাতে থাকেন। এ সময় ছয়জন নেতাকর্মী মাধবদী বড় মসজিদে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা তাদের মসজিদ থেকে বের করে এনে পিটিয়ে হত্যা করে।
ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

