আরিফুর রহমানঃ মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের অজিফা রবিউল্লাহ্ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মানববন্ধনটি উমেদপুর–শিবচর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে উমেদপুর বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির কারণে সড়কের দুই দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।
এর আগে নিহত সুমাইয়ার পিতা আবুল হোসেন বাদী হয়ে রিফাত উকিল, ইব্রাহিম মাদবর, রিফাত মাদবর, নয়নসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছে— মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং আসামিরা এলাকার কিছু প্রভাবশালীর আশ্রয়ে বিভিন্ন তদবিরে ব্যস্ত।
প্রতিবাদ সমাবেশে সুমাইয়ার পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের বোনের মৃত্যুর বিচার চাই। যারা দোষী— তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, চাই ফাঁসি!”
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা বলেন, একটি কিশোরীর মৃত্যু নিয়ে কোনো ধরনের গোপন তদবির গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান তারা। তাদের অভিযোগ— ঘটনা নিয়ে টালবাহানা চলছে, যা জনমনে আরও ক্ষোভ সৃষ্টি করছে।
শিবচরজুড়ে এখন একটাই আলোচ্য বিষয়— “সুমাইয়ার মৃত্যুর পেছনের সত্যটা প্রকাশ হোক, দায়ীরা যেন কোনোভাবেই রক্ষা না পায়।”

