বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক সবশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।
চিকিৎসকদের একটি সূত্র সোমবার (২৪ নভেম্বর) রাতে জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য এক চিকিৎসক জানান, আজও বোর্ড বৈঠক করেছে এবং আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এদিকে খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান জাহিদ।

