শার্শায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ, সড়ক অবরোধ

0
শার্শায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ, সড়ক অবরোধ

শার্শা প্রতিনিধি: যশোর-১ শার্শা আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে তীব্র অসন্তোষের জেরে শার্শায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কে কয়েক হাজার নেতা-কর্মী কাফনের কাপড় পরে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

অসন্তুষ্ট নেতা-কর্মীরা অভিযোগ করেন—দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মাঠের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে হঠাৎ করে একজন সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ায় দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা স্পষ্ট করে বলেন, প্রার্থী পরিবর্তন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন—প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সেই আশাতেই মাঠে নেমেছি। বর্তমান মনোনয়ন বাতিল না করা হলে বিএনপি এই আসনে বড় ভুল করবে।

আরেক নেতা মহিবুল বলেন, দীর্ঘ ১৭ বছর দলের কঠিন সময়ে সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের জন্য মাঠে ছিলেন। তাদের দুজনের একজন ছাড়া এ আসনে বিজয় সম্ভব নয়।

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, আমরা বাড়িছাড়া হয়েছি, কিন্তু দলের দুঃসময়ে যারা ছিলেন না তাদের হঠাৎ মনোনয়ন দেওয়া আমরা কখনো মেনে নেব না। অতিথি পাখিকে এ আসনে মানি না।

প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।