ঈশ্বরদী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ঈশ্বরদীর রাজপথ উৎসবমুখর হয়ে ওঠে।
বিকেল ৫টায় ঈশ্বরদীর আলহাজ মোড় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
র্যালিতে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমন।
বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে ঈশ্বরদীর প্রধান সড়কগুলো দীর্ঘ সময় ধরে মুখর হয়ে ওঠে।
পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে এ দলের প্রতিষ্ঠার ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত। তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

