শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে আজ ২ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতা, নদীভাঙনসহ নানা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যসহকারে প্রত্যেকের কথা শুনে সমস্যার প্রকৃতি অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন বিষয়ে সহায়তা প্রত্যাশী মোট ২১০ জন সেবাপ্রার্থীকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সেবার জন্য অনেককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রেরণ করা হয়।

