বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাসের আগমনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। ঢাকা-৮ আসনসহ রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী বিমানবন্দরে অবস্থান নেন। এ সময় তাদের হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে স্বাগত জানাতে এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতেই তারা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়েছেন বলে জানান নেতাকর্মীরা।
বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, কুয়ালালামপুরের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতার চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস নিবিড় পরিচর্যায় থাকার পর চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য নেওয়া হয়। সম্প্রতি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক সিদ্ধান্তের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া মির্জা আব্বাস বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়বদ্ধতা পালনের পাশাপাশি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, দেশে ফিরলেও সুস্থতার অংশ হিসেবে তাকে নিয়মিত প্রয়োজনীয় থেরাপি ও পর্যবেক্ষণের মধ্য দিয়েই যেতে হবে।

