সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক গুলি ছোড়ার ঘটনার মোক্ষম জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের আক্রমণের মুখে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা গুলি চালিয়েছে বিজিবি সদস্যরা। সীমান্তরক্ষী বাহিনীর এমন দৃঢ় ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি আর অবনতির দিকে যায়নি। সোমবার (১৮ মে) বিকেলের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় আকস্মিকভাবে বিএসএফ সদস্যরা গুলি বর্ষণ শুরু করে। কোনো উসকানি ছাড়াই ভারতীয় বাহিনীর এমন আগ্রাসী ভূমিকার বিপরীতে এক মুহূর্ত সময় নষ্ট না করে পাল্টা ফায়ার শুরু করে বিজিবি। দুই পক্ষের এই আকস্মিক গোলাগুলিতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিজিবির রণকৌশল ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ পিছু হটলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সোনারহাট সীমান্তের উদ্ভূত পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যেকোনো ধরনের নতুন অপ্রীতিকর পরিস্থিতি কিংবা ভারতীয় বাহিনীর সম্ভাব্য পুশব্যাক বা অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্ত জুড়ে টহল ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
বিজিবির সুত্রমতে “দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ওই পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতির পর সীমান্ত সংলগ্ন এলাকার সাধারণ নাগরিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছে বিজিবি। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে স্থানীয়দের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা জিরো লাইনের কাছাকাছি না যান। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সীমান্তে অপরিচিত কারও গতিবিধি বা বিএসএফের সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিক নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করতে বলা হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের লিয়াজোঁ বা ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

