আব্দুল লতিফ তালুকদারঃ পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলে ভূঞাপুর- গোপালপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতঘরে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বহু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলিপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালাম তালুকদারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

