জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

​জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশু হামিম পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে হামিমের বাবা শফিকুল ইসলাম ধান শুকানোর জন্য পাঁচবিবি-হিলি সড়ক পার হয়ে পশ্চিম পাশের একটি আঙিনায় যাচ্ছিলেন। বাবার অজান্তেই শিশু হামিমও তার পেছন পেছন রাস্তা পার হতে যায়। এসময় পাঁচবিবির দিক থেকে আসা বেপরোয়া গতির অজ্ঞাতনামা একটি পিকনিকের বাস শিশু হামিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

​এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

​পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।