১৩ মাস পর ‘চুনকা কুটিরে’ আইভী: বাড়ি ঘিরে কড়া পুলিশি পাহারা ও সিসিটিভি নজরদারি

0
১৩ মাস পর ‘চুনকা কুটিরে’ আইভী: বাড়ি ঘিরে কড়া পুলিশি পাহারা ও সিসিটিভি নজরদারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: টানা ১৩ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্ত হয়ে নারায়ণগঞ্জের দেওভোগের পৈতৃক বাসভবন ‘চুনকা কুটিরে’ ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে ঘরে ফিরলেও তিনি রয়েছেন প্রশাসনের কঠোর নজরদারিতে। তার নিরাপত্ত নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা ঠেকাতে ‘চুনকা কুটির’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর রাত সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ বাসভবনে পৌঁছান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া ১২টি মামলায় জামিন পাওয়ার পর তার এই মুক্তি মিলল।

আইভীর বাড়ি ফেরাকে কেন্দ্র করে বুধবার রাতেই দেওভোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতেই পুলিশের উপস্থিতিতে আইভীর বাসভবনের সামনে এবং আশপাশের সড়কগুলোতে আধুনিক ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

পাশাপাশি, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় বিপুলসংখ্যক সাদা পোশাকের পুলিশ (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনবারের এই সাবেক মেয়রের ওপর নজরদারির পেছনে মূলত দুটি কারণ রয়েছে: সাবেক জনপ্রতিনিধি হিসেবে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বা তার সমর্থকেরা যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা উসকানিমূলক তৎপরতায় লিপ্ত হতে না পারেন, তা পর্যবেক্ষণ করা।

আইভীর বাসভবনে সিসিটিভি স্থাপন ও পুলিশি পাহারার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তবে পুরো শহরকে অপরাধমুক্ত করার মেগা পরিকল্পনার অংশ হিসেবেই এই সিসিটিভি লাগানো হচ্ছে বলে দাবি তার।

তারেক আল মেহেদী সংবাদমাধ্যমকে বলেন “তিনি একজন সাবেক মেয়র, তাই তার নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। জামিনে থাকা অবস্থায় তিনি তার স্বাভাবিক জীবনযাপন ও ব্যক্তিগত কার্যক্রম চালাতে পারবেন, এতে কোনো বাধা নেই। তবে নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে তিনি কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। এমন কিছু ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জ শহরকে নজরদারির আওতায় আনতে প্রায় দুই হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

কারামুক্তির পর বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকেই দেওভোগের ‘চুনকা কুটিরে’ আইভীকে একনজর দেখতে এবং তার খোঁজখবর নিতে ভিড় জমাচ্ছেন আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘ ১৩ মাস পর তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

তবে বর্তমান পরিস্থিতি, আইভীর শারীরিক অবস্থা এবং প্রশাসনিক কড়াকড়ির বিষয়টি মাথায় রেখে দর্শনার্থীদের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করছে তার পরিবার। পরিবারের এক সদস্য জানান, দীর্ঘ কারাভোগের কারণে তিনি কিছুটা ক্লান্ত, তাই তাকে আপাতত বিশ্রামে রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।