
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা কলিপাড়ার বাসিন্দা লিটন মিয়া (৫৫)। পেশা বা নেশা—যেটাই বলা হোক না কেন, তার প্রধান পরিচিতি এখন ‘বিয়ে পাগল’ হিসেবে। জীবনে একে একে করেছেন এক ডজন (১২টি) বিয়ে! তবে যৌতুকের লোভ আর পাশবিক নির্যাতনের কারণে আগের কোনো স্ত্রীই টিকতে পারেননি তার সংসারে। এবার সেই একই কায়দায় যৌতুকের দাবিতে সর্বশেষ স্ত্রী নাজমুন নাহারকে (৩৫) এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে লিটনের বিরুদ্ধে।
এই ঘটনায় নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার (৮ জুন) যশোরের চৌগাছা থানায় স্বামী লিটন মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজমুন নাহার।
অভিযোগ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার শাপলা কলিপাড়ার প্রয়াত আনসার আলীর ছেলে লিটন মিয়া প্রায় এক বছর আগে যশোর জেলার চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের নাজমুন নাহারকে বিয়ে করেন। বিয়ের সময় আগের ১১টি বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রাখেন লিটন।
ভুক্তভোগী নাজমুন নাহার জানান, বিয়ের মাত্র এক মাস পর থেকেই লিটন যৌতুকের দাবিতে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে নাজমুন জানতে পারেন, লিটন এর আগে আরও এক ডজন বিয়ে করেছেন এবং নির্যাতনের কারণেই আগের স্ত্রীরা তাকে তালাক দিয়ে বা পালিয়ে বাপের বাড়ি চলে গেছেন।
সর্বশেষ গত ২৭ মে যৌতুকের দাবিতে নাজমুন নাহারকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন লিটন। নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় নাজমুনকে তার বাপের বাড়িতে রেখে আসেন তিনি। তবে নির্যাতন সেখানেই শেষ হয়নি; বাপের বাড়িতে গিয়েও নাজমুন নাহারকে পুনরায় শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন লিটন মিয়া।
অভিযোগের বিষয়ে লিটন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ১২টি বিয়ের কথা অস্বীকার করলেও অদ্ভুত এক সাফাই দেন। তিনি বলেন “আমি ১ ডজন না, ৬ থেকে ৭টা বিয়ে করেছি। স্ত্রীদের মধ্যে কোনোটাকে আমি তালাক দিয়েছি, আবার কেউ কেউ আমাকে তালাক দিয়ে চলে গেছে।”
তবে লিটনের এই দাবির বিপরীতে নাম প্রকাশে অনিচ্ছুক তার নিজ এলাকার এক বাসিন্দা জানান, “লিটন আসলে এক ডজনেরও বেশি বিয়ে করেছে। এলাকায় সে ‘বিয়ে পাগল’ নামে পরিচিত। বিয়ে করাটা তার একটা নেশা। প্রত্যেকটা স্ত্রীকেই সে যৌতুকের জন্য মারধর করতো, যার কারণে কেউ টেকেনি।”
শাপলা কলিপাড়ার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, লিটনের ভাইয়েরা এলাকায় যথেষ্ট প্রভাবশালী। এই প্রভাবের কারণেই একের পর এক নারীর জীবন ধ্বংস করেও সে প্রতিবার পার পেয়ে যায়। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নির্যাতনের শিকার নাজমুন নাহার জানান, তিনি নিরুপায় হয়ে চৌগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী লিটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, “ভুক্তভোগী নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
