চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে এবার খোদ জাতীয় ক্রিকেট দলের তারকা অফ-স্পিনার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর ও থানায় নিয়ে হেনস্তার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে বাড়ি ফেরার পথে খোদ বন্দরনগরীর লালখান বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত বর্বরতার শিকার হন তিনি।
এই চরম অপেশাদার আচরণের জেরে ক্ষোভের মুখে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও দুই কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে জুড়ে দেওয়া হয়েছে। একই সাথে, শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলমের দায়ের করা মামলায় অভিযুক্ত এসআই শফিকুল, কনস্টেবল রাসেল ও পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন নাঈম। লালখান বাজার এলাকায় পৌঁছালে আকস্মিক পুলিশ পরিচয়ে তার গাড়ি থামানো হয়। নাঈম হাসানের ভাষ্যমতে নিজের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) দেখানোর পরও এসআই শফিকুল লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকেন। সাদা পোশাকে থাকা এক সোর্স লোহার পাইপ দিয়ে তাকে নির্দয়ভাবে পেটান। বারবার নিজেকে জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দিলেও, তা পাত্তাই দেয়নি আভিযানিক দল। আশেপাশে শতাধিক উৎসুক জনতা জড়ো হয়ে নাঈমের পরিচয় নিশ্চিত করলেও পুলিশ থামেনি; উল্টো তাকে ‘আসামি’ সাজিয়ে চুপ থাকার হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে অজ্ঞাত স্থানে তুলে নেওয়ার চেষ্টা শেষে তাকে খুলশী থানায় এনে আটকে রেখে মানসিক হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন এই ক্রিকেটার।
থানায় আটকে রাখার পর কৌশলে নিজের মোবাইল ফোন ফেরত পান নাঈম। এরপর তিনি সরাসরি যোগাযোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সাথে। বিসিবি প্রধানের জরুরি হস্তক্ষেপে এবং বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের তরফ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করা হলে রাতারাতি বদলে যায় থানার চিত্র।
বিসিবি সভাপতির ফোন ও বোর্ডের তৎপরতার পর টনক নড়ে খুলশী থানা পুলিশের। এরপরই দ্রুত তাকে ছেড়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়।
সিএমপির উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, মূলত একটি ‘সোনা চোরাচালানের’ গোপন তথ্যের ওপর ভিত্তি করেই অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়েছিল। ছুটিতে থাকা খুলশী থানার আরেক এসআই মনিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই হঠকারী অভিযান চালান এসআই শফিকুল।
তবে অভিযান পরিচালনায় যথাযথ নিয়ম মানা হয়েছিল কি না এবং তথ্যের সত্যতা কতটুকু ছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান স্বীকার করেছেন, এই কথিত ‘সোনার চালান’ অভিযানের ব্যাপারে তাকে আগে কিছুই জানানো হয়নি। থানায় আনার পর নাঈমের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ দুঃখ প্রকাশ করলেও, নাঈমের পরিবার ও বিক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা রাতভর থানা ঘেরাও করে বিচার দাবিতে অনড় থাকেন।
নাঈমের বাবা মাহবুবুল আলম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “খবর পেয়ে থানায় গেলে ডিউটি অফিসার আমার সাথেও চরম দুর্ব্যবহার করেন। একজন জাতীয় বীরের সাথে যে আচরণ করা হয়েছে, আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

