ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পবিত্র হজ পালন করতে গিয়ে হারিয়ে গিয়েছিল এক বৃদ্ধার লাগেজ। আর সেই লাগেজ হারিয়ে যাওয়ার জেরে সৌদি আরবের মক্কা-মদিনা নয়, রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা। এক হজযাত্রীর ব্যাগ খোয়া যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) উপজেলা শহরের ব্যস্ততম কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং আঞ্চলিক সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি বছর কসবার শাহপুর গ্রামের এক বৃদ্ধা নারী হজ পালন করতে সৌদি আরব যান। সেখানে অসাবধানতাবশত তার একটি লাগেজ হারিয়ে যায়। দেশে ফেরার পর গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ওই হজযাত্রী ও তার স্বজনরা লাগেজ উদ্ধারের দাবিতে আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের মালিকানাধীন ‘কসবা হজ কাফেলা’ এজেন্সিতে যান।
সেখানে এজেন্সির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সৌদি আরবে পৌঁছানোর পর ব্যক্তিগত মালামাল বা লাগেজ দেখভালের সম্পূর্ণ দায়িত্ব হজযাত্রীর নিজের। এখানে কাফেলার কোনো দায়বদ্ধতা নেই। এই জবাব পছন্দ না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
বৃহস্পতিবারের ওই হাতাহাতির পর থেকেই শাহপুর ও আড়াইবাড়ী—এই দুই গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও উসকানি বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই গ্রামের শত শত মানুষ দা, লাঠি, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কদমতলী মোড় এলাকায় মুখোমুখি অবস্থানে নেয়।
একপর্যায়ে দুই পক্ষই একে অপরের ওপর চড়াও হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় মুহূর্তের মধ্যে কদমতলী মোড় ও আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। কাঁপন ধরে যায় পথচারীদের মনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের কারণে কসবা সংলগ্ন আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, “হজযাত্রীর লাগেজ হারানোর পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘাতে জড়িয়েছে। খবর পাওয়ার পরপরই কসবা থানা পুলিশের বড় একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।”

