প্রবাসীর সংসার ভেঙে প্রেমিকার ১৮ দিনের অনশন, ওদিকে নতুন বউ নিয়ে বাসর ঘরে প্রেমিক!

0
প্রবাসীর সংসার ভেঙে প্রেমিকার ১৮ দিনের অনশন, ওদিকে নতুন বউ নিয়ে বাসর ঘরে প্রেমিক!

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর টানা ১৮ দিনের অনড় অবস্থানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া উত্তর গ্রামে এই ঘটনা ঘটে। ১৯ বছর বয়সী ওই তরুণী গত ৩ জুন বিকেল থেকে প্রেমিক কয়েছ মিয়া ও তার চাচা ইসলাম উদ্দিনের ঘরে অবস্থান করছেন। তবে এর মধ্যেই নাটকীয়ভাবে অন্য এক মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছেন অভিযুক্ত প্রেমিক কয়েছ।

কয়েছ মিয়া উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামের হাজী রফিক উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে কয়েছের সঙ্গে তার বিয়ের প্রস্তাব আসে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন-তারিখ ঠিক হলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে হবে নাকি বাড়িতে—এই নিয়ে দ্বন্দ্বে বিয়ে ভেঙে দেয় কয়েছের পরিবার।

বিয়ে ভাঙলেও কয়েছ ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ বজায় রাখেন। বিয়ের প্রতিশ্রুতির ফাঁদে ফেলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে কয়েছ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। শুধু তাই নয়, সিলেট শহরে ঘুরতে নিয়ে গিয়ে তরুণীর কিছু আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন কয়েছ। এরপর হুট করেই যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

কয়েছ যোগাযোগ বন্ধ করে দিলে তরুণীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। মা-বাবার চাপে রাজি হয়ে এক প্রবাসীর সঙ্গে মোবাইলে ওই তরুণীর ‘আকদ’ (বিয়ে) সম্পন্ন হয়। কিন্তু এই খবর পাওয়া মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন কয়েছ। তিনি ধারণকৃত আপত্তিকর ভিডিও ও প্রেমের সম্পর্কের প্রমাণ তরুণীর প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেন। এর জের ধরে মুহূর্তেই ভেঙে যায় তরুণীর নতুন সংসার, প্রবাসী স্বামী তাকে ডিভোর্স দেন।

সংসার ভেঙে যাওয়ার পর নিরুপায় হয়ে গত ৩ জুন বিকেলে কয়েছের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই তরুণী। নিজের জীবন ধ্বংসের বিচার ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি অনড় বসেন।

কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় পরদিন। প্রেমিকার অবস্থানের খবর পেয়েই তড়িঘড়ি করে ৪ জুন অন্য এক মেয়েকে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে হাজির হন কয়েছ! বর্তমানে ভুক্তভোগী তরুণী কয়েছের চাচার ঘরে অবস্থান করছেন এবং দাবি পূরণ না হলে আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন। তরুণীর মায়ের অভিযোগ, ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা স্থানীয়ভাবে কোনো বিচার পাচ্ছেন না।

স্থানীয় রুস্তমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব জানান “গত ৪ জুন দুই পক্ষকে নিয়ে আমরা সালিশে বসেছিলাম। কয়েছ উপস্থিত না থাকায় ফোনে কথা বলে একটি তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পরদিনই জানতে পারি, ছেলে অন্য মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। এরপর ছেলের পরিবার আর সমঝোতায় রাজি না হওয়ায় আমরা বিষয়টি মেয়ের পরিবারকে জানিয়ে দিই।”

স্থানীয় ইউপি সদস্য পাবলু মিয়াও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “উভয় পক্ষকে নিয়ে বসা হলেও কোনো সমাধান হয়নি। মেয়েটি এখনো কয়েছের চাচার ঘরে অবস্থান করছে।”

এদিকে অভিযুক্ত কয়েছ মিয়া ফোনে সম্পর্কের কথা স্বীকার করে বলেন, “মেয়ের সাথে সম্পর্ক ছিল এটা সত্য। এখন আমার ঘরে আরেক বউ আছে। মেম্বাররা বিষয়টি সমাধান করবেন।”

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।