আওয়ামী লীগ পদ ছেড়ে বিএনপিতে আলী আহমেদ দুলু: ‘আজীবন বিএনপি করেই মরতে চাই’

0
আওয়ামী লীগ পদ ছেড়ে বিএনপিতে আলী আহমেদ দুলু: ‘আজীবন বিএনপি করেই মরতে চাই’

নরসিংদী প্রতিনিধিঃ “আমি অরিজিনালি ছোটবেলা থেকেই বিএনপি করতাম। মাঝখানে পরিস্থিতির কারণে ব্যালেন্স করে চলেছি। এখন নিজের ঘরে ফিরে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই মরতে চাই।” —নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ দুলুর এমন বিস্ফোরক ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের এই ঘোষণা দেন।

আলী আহমেদ দুলুর এই দলবদল ও দল নিয়ে দেওয়া বক্তব্য প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

আলী আহমেদ দুলু নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী-এমপি রাজু আহমেদ তাকে দুইবার জোর করে নির্বাচনে হারিয়েছেন এবং নির্বাচন অফিসে আটকে রেখে নানাভাবে হয়রানি করেছেন।

তিনি দাবি করেন, ১৯৮১ সাল থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে চেয়ারম্যান হওয়ার পর যখন যে দল ক্ষমতায় এসেছে, তাদের সাথে ‘ব্যালেন্স’ বা ভারসাম্য বজায় রেখে চলেছেন।

প্রেসব্রিফিংয়ে দুলু বলেন, “আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম মাত্র, কিন্তু কোনোদিন মন থেকে দল করিনি। আমার এলাকার ভাইয়েরা সবাই বিএনপির লোক। আজ নতুন করে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএনপিতে ফিরে এলাম। এখন থেকে দলের এমপি-মন্ত্রীদের সঙ্গে ফুল নিয়ে দেখা করব এবং মাঠের রাজনীতিতে সক্রিয় থাকব।”

আলী আহমেদ দুলু নিজেকে ‘জন্মসূত্রে বা ছোটবেলার বিএনপি’ দাবি করলেও স্থানীয় রাজনৈতিক সূত্র ও সাধারণ মানুষের দাবি ভিন্ন। স্থানীয়দের মতে, রাজনৈতিক জীবনের শুরুতে দুলু মূলত জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি ডিগবাজি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। আওয়ামী লীগের প্রভাব ও দলীয় পরিচয় ব্যবহার করেই তিনি একাধিকবার অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদসহ নানা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন।

দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী থাকার পর আকস্মিক এই ভোল্ট চেঞ্জ এবং ‘আজীবন বিএনপি’ থাকার এই ঘোষণা নিয়ে রায়পুরা এলাকায় এখন নানামুখী আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।