বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে ও বিদেশে বিনিয়োগ উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও বিনিয়োগ-বান্ধব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘ভিসানীতি-২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক নীতিমালার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন নীতিমালায় ভিসার বৈচিত্র্য ও প্রয়োজনীয়তা বিবেচনায় মোট ৩৪টি ক্যাটাগরি বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। আগে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ‘যেমন দেশ, তেমন ভিসা’ (পারস্পরিক পাওনা) নীতি অনুসরণ করা হতো। অর্থাৎ, কোনো দেশ বাংলাদেশিদের যতদিনের ভিসা দিত, বাংলাদেশও তাদের নাগরিকদের সমপরিমাণ মেয়াদের ভিসা দিত। অর্থনৈতিক স্বার্থে এবার সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে সরকার। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাইরের উদ্বৃত্ত পুঁজি দেশে টানাই এই নীতিমালার প্রধান লক্ষ্য।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ভিসানীতিটি নীতিগতভাবে অনুমোদিত হলেও এটিকে আরও সমৃদ্ধ, কার্যকর ও নিশ্ছিদ্র করতে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
“ভিসা পলিসিটা সহজ হোক—সে কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ইস্যুগুলো দেখবে। এছাড়া পর্যটন ও বাণিজ্য মন্ত্রণালয়ও যুক্ত রয়েছে। তাদের কোনো গঠনমূলক প্রস্তাব থাকলে তা যুক্ত করে নীতিমালাটি চূড়ান্ত রূপ পাবে।” — নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব দেশের বাস্তব অর্থনৈতিক প্রয়োজনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখা যাচ্ছে যে, আমাদের কিছু জায়গায় দরকারটা বেশি। আমাদের দেশে তো এত পুঁজি নেই। এই পুঁজিটা যত বাইরে থেকে ইনভেস্ট হবে, আমাদের জন্য ততই ভালো। আমরা অন্য জায়গার সারপ্লাস (উদ্বৃত্ত) টাকাগুলো দেশে টানার চেষ্টা করছি।”
তিনি আরও যোগ করেন, “একজন ব্যবসায়ী যদি বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসেন, তা আমাদের দেশের জন্য বড় সুবিধা। বর্তমান সরকার চাচ্ছে দেশে একটা ‘ইকোনমিক থ্রাস্ট’ বা অর্থনৈতিক গতিশীলতা আসুক। আর সে কারণেই ভিসা প্রক্রিয়া সহজ করার এই যুগোপযোগী বোধদয় ও উদ্যোগ।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ‘ভিসানীতি-২০২৬’ কার্যকর হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আগমন ও আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমে আসবে, যা দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা করবে।

