চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।
স্বর্ণ চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা (পাসপোর্ট নম্বর: A13908810)।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের ‘এফজেড-৪৬৩’ ফ্লাইটের যাত্রী শহীদুল আলম তার ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। ঠিক সেই মুহূর্তেই বিমানবন্দরে দায়িত্বরত দুই শীর্ষ গোয়েন্দা সংস্থা—এনএসআই (NSI) এবং ডিজিএফআই (DGFI)-এর প্রতিনিধি দল গোপন তথ্যের ভিত্তিতে তার পথরোধ করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রীর দেহে তল্লাশি চালানো হয়। নিখুঁত তল্লাশির একপর্যায়ে তার পরিহিত পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের (অন্তর্বাস) ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণালংকার ও গলিত স্বর্ণের সন্ধান মেলে। উদ্ধারকৃত ২.১৬ কেজি ওজনের এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত স্বর্ণের চালানটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সাথে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অপরাধে আটককৃত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলাসহ নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমানবন্ধরের নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি আরও বলেন “যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাসমূহ, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং সর্বোপরি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একযোগে কাজ করছে। চোরাচালান রুখতে বিমানবন্দরে সর্বোচ্চ নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।”

