নবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ: বানারীপাড়ায় যুবককে গলায় জুতার মালা, থানায় অভিযোগ

0
নবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ: বানারীপাড়ায় যুবককে গলায় জুতার মালা, থানায় অভিযোগ

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে সঞ্জিব রায় অরূপ (২৭) নামের এক যুবককে গণধোলাই ও জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে। সঞ্জিব রায় অরূপ ওই এলাকার শরত রায়ের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে বিশ্বনবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক ও বিক্ষুব্ধ জনতা অরূপকে আটক করে। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত জনতার তোপের মুখে অভিযুক্ত সঞ্জিব রায় অরূপ হাতজোড় করে নিজের ভুল স্বীকার করেন এবং মহানবী (সা.)-কে নিয়ে ভবিষ্যতে আর কখনো এমন বিরূপ মন্তব্য করবেন না মর্মে ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে তার বাবা শরত রায়ের জিম্মায় ছেড়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা বা নিস্পতি হয়েছে বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় বিবেচনা করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।