ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: ‘সপ্তপদী’ ঘিরে বিতর্কের আশঙ্কা, ‘পাবনা এক্সপ্রেস’ নামের জোর দাবি

0
ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: ‘সপ্তপদী’ ঘিরে বিতর্কের আশঙ্কা, ‘পাবনা এক্সপ্রেস’ নামের জোর দাবি

গিয়াস উদ্দিন সরদারঃ দীর্ঘ অপেক্ষার পর চালু হতে যাওয়া ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেনের নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবি জানিয়েছে জেলা ভিত্তিক সংগঠন ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’। একই সঙ্গে পাবনার এক যৌথ বিবৃতিতে শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান খান সরাসরি রেল চালুর উদ্যোগকে স্বাগত জানান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনটির নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ রাখা হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন নেতারা।

জেলাবাসীর আবেগের কথা উল্লেখ করে বলা হয়, জেলার সঙ্গে সরাসরি যুক্ত ট্রেনের নামের মাধ্যমে পাবনার মাটি, মানুষ ও গৌরবের পরিচয় ফুটে ওঠা উচিত। সে বিচারে ‘পাবনা এক্সপ্রেস’ নামটিই সবচেয়ে সহজ ও নিরপেক্ষ।

‘সপ্তপদী’ নামের সঙ্গে পাবনার প্রত্যক্ষ সম্পর্কের প্রশ্ন তুলে নেতারা জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জনমতের সংবেদনশীলতার দিকটি বিবেচনায় রেখে বিতর্ক এড়ানো জরুরি।

নামটি প্রশাসনিক পর্যায়ে প্রস্তাবিত বা অনুমোদিত হলেও স্থানীয় অসন্তোষ এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাবনাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও প্রত্যাশার ফল এই ট্রেন। বিতর্ক এড়িয়ে দ্রুত ট্রেনটির নাম ‘পাবনা এক্সপ্রেস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।