কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত এউপজেলায় ১৫৪.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
দুদিনের এই টানা বৃষ্টিতে শহর থেকে গ্রামাঞ্চলে স্থবিরতা নেমে এসেছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। এদিকে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানির নিচে নিমজ্জিত রয়েছে আমন ক্ষেত। অতি বৃষ্টিতে বড় দুশ্চিন্তায় পড়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে দুপুর একটা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মহিপুরের আমন চাষী আ: রহিম বলেন, এই দুইদিনের বৃষ্টিতে সকলবীজতলা পানির নিচে ডুবে আছে।এরপর যদি আরো বৃষ্টি হয় তাহলে সব বীজ পচে যাবে।
নীলগঞ্জ ইউনিয়ন সবজি চাষী মো সত্তার বলেন, প্রচুর বৃষ্টি হচ্ছে, এরপর বৃষ্টি হলে সকল সবজির গোড়া পচে যাবে। আমরা সকল কৃষকরা এখন বীজ ওসবজি পচে যাওয়ার শংকায় আছি।আল্লাহর উপর তাকিয়ে আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন বলেন, উপজেলার সকল কৃষকরা অতিবৃষ্টির কারণে আতঙ্কে দিন পার করছে।তাদেরক স্বসএলাকার স্লুইসগেট গুলোর দিকে খেয়াল রাখতে বলেছি।

