পাঁচ বছরে কোটি কর্মসংস্থান ও বিশেষ বিসিএসের ঘোষণা: শেরপুরে পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

0
পাঁচ বছরে কোটি কর্মসংস্থান ও বিশেষ বিসিএসের ঘোষণা: শেরপুরে পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

শেরপুর প্রতিনিধিঃ আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি প্রশাসনে জনবলসংকট দূরীকরণে বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী উল্লেখ করেন, ভঙ্গুর প্রশাসন ও বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মতো কল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে মন্ত্রী বেশ কয়েকটি কড়া নির্দেশ প্রদান করেন মন্ত্রী।

তিনি বলেন, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে জড়িতদের পক্ষে কোনো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধির সুপারিশ গ্রহণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় অবৈধভাবে পাহাড় কাটা, বনের গাছ লুট ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

গত ১৭ বছরে বিভিন্ন সংস্থায় দলীয়করণ, প্রভাব বিস্তার এবং কোটি কোটি টাকা পাচারের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

ময়মনসিংহ বিভাগের সর্বকনিষ্ঠ জেলা শেরপুরের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে বেশ কিছু উদ্যোগের কথা জানান পর্যটনমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে ঝিনাইগাতী উপজেলায় দ্রুত একটি আধুনিক পর্যটন হোটেল নির্মাণ করা ও গারো পাহাড় এলাকার দীর্ঘদিনের ‘হাতি-মানুষের দ্বন্দ্ব’ দূরীকরণে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে । জেলার সার্বিক উন্নয়নে বিশেষ নজরদারি ও নতুন প্রকল্প বাস্তবায়ন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী, ডা. সানসিলা জেবরীন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদসহ রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এর আগে শেরপুর সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।