
নোয়াখালী প্রতিনিধি: “আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দিবো”— চাঞ্চল্যকর ও অসংলগ্ন এমন সব স্লোগান সংবলিত পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়ন। সোমবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার মোড় ও দেয়ালে এই পোস্টারগুলো সাঁটানো হয়, যা স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র রাজনৈতিক বিতর্ক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।
বিচিত্র ও অনাকাঙ্ক্ষিত এই পোস্টারে ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনকে চেয়ারম্যান পদপ্রার্থী ও ‘গাঁজার ডিলার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে সেখানে বেকারদের জন্য ‘গাঁজা ভাতা’, শিক্ষার্থীদের জন্য ‘স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই’, মাদকসেবীদের বিশেষ কার্ড প্রদান এবং ‘আগে চাঁদা, পরে উন্নয়ন’—এর মতো বিতর্কিত প্রতিশ্রুতি স্থান পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে স্থানীয় বাসিন্দারা একে মাদকের বিস্তার ও রাজনৈতিক দূরভিসন্ধির বহিঃপ্রকাশ বলে ক্ষোভ প্রকাশ করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ও আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।
পোস্টারে নাম থাকা যুবদল নেতা মো. খোকন তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র ও চরিত্রহননের অপচেষ্টা। সম্প্রতি ইউনিয়ন জামায়াতের আমিরের ছেলের সাথে তার ছেলের দ্বন্দ্ব ও মামলা করার প্রস্তুতির জের ধরে জামায়াত নেতাকর্মীরা প্রতিহিংসামূলকভাবে এই কাণ্ড ঘটিয়েছে।
ভুক্তভোগী খোকন জানান, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুতই থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, রাতের আঁধারে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে তার সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
