সংসদ ভবনের সামনে শিক্ষিকার প্রাণহানির ঘটনায় ইয়াবাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

0
সংসদ ভবনের সামনে শিক্ষিকার প্রাণহানির ঘটনায় ইয়াবাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশা থেকে ফেলে শিক্ষিকা রনজিনা পারভীনকে (৫৫) হত্যার ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের ব্যবহৃত মোটরসাইকেল, ছিনতাইকৃত মালামাল এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবি কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। ডিবি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করে।

বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তার ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।

টানের তীব্রতায় তিনি রিকশা থেকে পিচঢালা রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এই ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে।