গৌরীপুরে পুকুরে মিলল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের প্রশ্ন

0
গৌরীপুরে পুকুরে মিলল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে পরিবারের প্রশ্ন

গৌরীপুর প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে শাকিব মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর বাজারসংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শাকিব রামগোপালপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শাকিব। পরদিন সকালে বাড়ির সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সকাল আনুমানিক ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তখন পর্যন্ত মরদেহটি কার, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

এরপর সকাল ৯টার দিকে শাকিবকে ঘরে না পেয়ে তাঁর বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে মরদেহটি শাকিবের বলে শনাক্ত করেন। শাকিবের চাচা ও রামগোপালপুর বাজারের ব্যবসায়ী শিবুল মিয়া বলেন, তাঁর ভাতিজা সুস্থ ও স্বাভাবিক ছিলেন এবং ভালো সাঁতার জানতেন। যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে পানির গভীরতা হাঁটু থেকে কোমর পর্যন্ত। তাঁদের পরিবারের সঙ্গে কারও পূর্বশত্রুতা বা জমিজমা নিয়ে বিরোধও নেই বলে জানান তিনি।

এ অবস্থায় সাঁতার জানা একজন সুস্থ যুবকের অল্প পানিতে মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে মরদেহ উদ্ধারের পর স্বজন ও স্থানীয়দের ভিড়ের মধ্যে শাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটিও তাঁর ঘরে পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। তবে ভিড়ের মধ্যে ফোনটি কোথাও পড়ে যেতে বা হারিয়ে যেতে পারে বলেও তাঁরা ধারণা করছেন।

শাকিবের মৃত্যুর কারণ দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাঁর পরিবার। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পরিবার।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।