কলাপাড়া প্রতিনিধি : হঠাৎ বেড়েছে জ্বালানী তেলের দাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপকুলের জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। তারা জ্বালানী তেলের দাম কমিয়ে সাধ্যের মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন।
পটুয়াখালীর বৃহত মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরে বছর জুড়ে ছিলো ইলিশের আকাল। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় লোকসানে রয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
ট্রলার মাঝি সুলতান বলেন, ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছি। তার উপর হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে জ্বালানী তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি বেড়েছে ২০ টাকা। এ যেন জেলেদের মরার উপর খড়ার ঘা।
জেলে সোবাহান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে মাছ আহরন, পরিবহন ও সংরক্ষনের খরচ। এতে মৎস্য খাতে বিরুপ প্রভাবের শংকা রয়েছে। তাই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা ভর্তুকির দাবি জানিয়েছেন।
পটুয়াখালী জেলায় ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও অনিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে অর্ধলক্ষের বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান জেলেদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

