তাহিরপুর প্রতিনিধি: জল,মাছ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওর। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) হিসেবে গুরুত্বপূর্ণ এই জলাভূমিতে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইলেক্ট্রিক শক মেশিন জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশে তেকুইন্যা বেরবেরিয়া বিলে অভিযান চালান টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি ইলেক্ট্রিক শক মেশিন জব্দ করা হয়।
ইলেক্ট্রিক শক দিয়ে মাছ ধরার পদ্ধতি জলজ প্রতিবেশের জন্য হুমকিস্বরূপ। এ পদ্ধতিতে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হতে পারে। টাঙ্গুয়ার হাওরের মতো গুরুত্বপূর্ণ জলাভূমিতে এ ধরনের নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।
ইউএনও রিপামনি দেবী বলেন,জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ জলাভূমি টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন অপরাধমূলক কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

