চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে একটি সফল অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সদর মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. আনারুল হক (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১টা ১০ মিনিটে সদর মডেল থানাধীন দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে এই অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক কারবারি আনারুল হকের বসতবাড়িতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আসামির হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। ধৃত আনারুল হক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিরটুলী গ্রামের মৃত আফসার আলী ও মোসা. ফাতেমা বেগম দম্পতির ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই এই সামাজিক ব্যাধি রোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

