সুমন গাজীঃ গাজীপুরের শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাত দল মাত্র ২ মিনিটের এক ঝটিকা অভিযান চালিয়ে বিকাশের ডিস্ট্রিবিউশন এজেন্টদের গাড়ি থেকে ৩ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলের এক সশস্ত্র দল এই হামলা চালায়। হামলাকারীদের গুলি ও চাইনিজ কুড়ালের কোপে বিকাশের এরিয়া ম্যানেজারসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বিকাশ সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে ৪ কোটি টাকা চারটি বস্তায় ভর্তি করে একটি প্রাইভেটকারে মাওনার উদ্দেশ্যে রওনা হন বিকাশ কর্মীরা।
শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছামাত্র ২০-২৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অন্তত ১০-১২টি মোটরসাইকেলে এসে চারপাশ থেকে গাড়িটির গতি রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা প্রাইভেটকারের কাচ ভেঙে পরপর গুলি চালায় এবং চাইনিজ কুড়াল দিয়ে নির্বিচারে কুপাতে থাকে। মাত্র ১২০ সেকেন্ডের মধ্যে পেছনের ৩টি বস্তায় রাখা ৩ কোটি টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত শ্রীপুরের দিকে সটে কেটে পড়ে।
হামলাকারীদের গুলিতে পেটে গুরুতর আঘাত পান বিকাশের শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদ (৩৫)। অন্য তিন আহত ব্যক্তি হলেন ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) এবং গাড়িচালক লাল মিয়া (৩২)। তারা সকলেই মাওনা ও ভালুকা এলাকার ‘চ্যানেল এন্টারপ্রাইজ’-এর অধীনে কর্মরত।
ঘটনার পরপরই চালক ও অন্য কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. অনিক সরকার জানান, “হিমেলের পেটের ডান পাশে গুলির গভীর ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার ধরন বিশ্লেষণ করে পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত ও সুসংগঠিত ডাকাতি। নরসিংদী থেকে টাকা নিয়ে রওয়ানা দেওয়ার বিষয়টি ডাকাত দল আগে থেকেই জানত বলে মনে করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে ইতোমধ্যে পুলিশি চিরুনি অভিযান শুরু হয়েছে।

