ভারতে যাওয়ার পথে আ.লীগ সভাপতি কামাল আটক

0
ভারতে যাওয়ার পথে আ.লীগ সভাপতি কামাল আটক

সিলেট প্রতিনিধিঃ মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে ভারত যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের তল্লাশিতে আটক হয়েছেন সিলেট জেলাধীন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। নথিপত্র এবং পাসপোর্ট সার্ভারে ‘ব্ল্যাকলিস্টেড’ ধরা পড়ায় তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল সীমান্ত পয়েন্টের স্থলবন্দর ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে।

বর্তমানে তার বিরুদ্ধে পূর্বের বিভিন্ন মামলা ও ভ্রমণের আইনগত নিষেধাজ্ঞা পর্যালোচনা করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ চিকিৎসার উদ্দেশ্যে ভারতের চেন্নাই যাওয়ার জন্য তামাবিল স্থলবন্দর ডেস্কে তার ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন। ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালে দায়িত্বরত কর্মকর্তারা সার্ভারে অনলাইন যাচাই-বাছাই করতেই তার পাসপোর্টে নিষেধাজ্ঞা এবং নামটি ‘ব্ল্যাকলিস্টেড’ অবস্থায় দেখতে পান।

তাত্ক্ষণিকভাবে তার ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত রেখে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। খবর পেয়ে বেলা ১২টা ৫০ মিনিটে গোয়াইনঘাট থানার তামাবিল ফাঁড়ি ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল স্থলবন্দরে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কামাল আহমেদের স্বজন ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তার পাসপোর্টটি সম্পূর্ণ বৈধ এবং হালনাগাদ রয়েছে। পাসপোর্ট যাচাই করেই ভারতীয় দূতাবাস তাকে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা প্রদান করে। ভারতে জরুরি ভিত্তিতে চিকিৎসার দরকার হওয়ায় তিনি যাচ্ছিলেন।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, কামাল আহমেদের বিরুদ্ধে থানায় সহিংসতা ও নাশকতাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে অবরুদ্ধ ও গ্রেপ্তার হওয়ার ইতিহাস রয়েছে তার। আইন অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।