চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজির পিকআপের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ২ যুবক

0
চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজির পিকআপের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ২ যুবক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই সবজি বহনকারী পিকআপ ভ্যানটির আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো দুই যুবক হলেন আব্দুল্লাহ (২৭)— টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে। মুহাম্মদ ইয়াছিন (২৫)— চকরিয়া উপজেলার মাতামুহুরী রামপুর এলাকার মো. দুলালের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে সবজি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপ (চট্ট মেট্রো-ন-১১-৮৪৫আই) রাত সাড়ে ১২টার দিকে খুটাখালী নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক কক্সবাজার থেকে চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) দ্রুতগতিতে আসার সময় দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সজোড় সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়ে ভেতরেই আটকে পড়েন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে চালকের আসন ও আশপাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) সেলিম মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান দুটি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণাধীন রয়েছে।