
সুমন গাজীঃ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষ ক্রমেই হিংসাত্মক রূপ নিচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও পুলিশের পাশাপাশি মাঠে নেমেছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় প্রায় দেড় সহস্রাধিক শ্রমিক একযোগে অবস্থান নেন। শ্রমিকরা সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ তৈরি করলে মুহূর্তের মধ্যে ওই মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে করে দূরপাল্লার বাসসহ হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যান আটকে পড়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ সেলের সহকারী কমিশনার আরিফ হোসাঈন সকাল ৮টা ২৬ মিনিটে এক বার্তায় বিজিবি মোতায়েন ও জেলা প্রশাসনের সতর্ক অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনের জের ধরে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার মূল ফটক ভাঙচুর করেন।
সহিংসতার একপর্যায়ে মৌচাক এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর এবং কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা অপর একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া আনসার একাডেমির সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
আন্দোলন দ্রুত রতনপুর, কোনাবাড়ী ও কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানা সাময়িক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যৌথ বাহিনী মাঠে রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, “গাজীপুরের অত্যন্ত সংবেদনশীল পয়েন্ট যেমন—চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশ ও জেলা পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো মূল্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”
সর্বশেষ খবরে জানা গেছে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হলেও শ্রমিকদের অটল অবস্থানের কারণে পুরো শিল্পাঞ্চলে থমথমে উত্তেজনা বিরাজ করছে।
